পবিত্র কোরআনের ধারাবাহিকতা
সূরা-আল-আহযাব | আয়াত: ৬৯-৭২ | পর্ব-৮৩৬
এ পর্বে যা আছে:
পূর্ববর্তী পর্বের বাকি অংশ: একদা মুসা ও হারুন (আ) উভয়ই পাহাড়ে আরোহণ করেন। হযরত হারুন (আ) সেখানেই ইন্তেকাল করেন। কিন্তু বনী ইসরাঈল হযরত মুসা (আ)-কে দোষারোপ করিয়া বলিল তুমি তাহাকে হত্যা করিয়াছ। সে তো আমাদের সহিত মিষ্টভাষী ছিল এইসব বলিয়া তাহারা হযরত মুসা (আ)-কে কষ্ট দিতে লাগিল। আল্লাহ্ তা'আলা ফেরেশতাগণকে হযরত হারুন (আ)-এর লাশ উঠাইয়া আনিতে হুকুম দিলেন। তাহারা লাশ উঠাইয়া বনী ইসরাঈলের মজলিসের নিকট দিয়া অতিক্রম করিলেন এবং তাহার স্বাভাবিক মৃত্যু হইয়াছে বলিয়া খবর দিলেন। অবশ্য হযরত হারুন (আ)-এর কবর যে কোথায় ইহা সঠিকভাবে বলা সম্ভব নহে। ইবন জারীর (র) আলী ইবন মুসা তূসী হইতে আব্বাদ ইবন আওয়াম্ম এর মাধ্যমে ইহা বর্ণনা করিয়াছেন। ইবন জারীর (র) বলেন, হযরত হারুন (আ)-এর মৃত্যুকে কেন্দ্র করিয়া বনী ইসরাঈল হযরত মুসা (আ)-কে যে কষ্ট দিয়াছিল, আলোচ্য আয়াতে আল্লাহ্ সে কষ্টের কথা উল্লেখ করিয়াছেন। উহা এই কষ্টও হইতে পারে এবং পূর্বে যে কষ্টের কথা উল্লেখ করা হইয়াছে উহাও উদ্দেশ্য হইতে পারে। আল্লামা ইবন কাসীর (র) বলেন, আয়াতে উভয় কষ্টই উদ্দেশ্য হইতে পারে এবং আরো যে সকল কষ্ট বনী ইসরাঈল তাহাকে দিয়াছিল, উহাও আয়াতের অন্তর্ভুক্ত হইতে পারে। ইমাম আহমদ (র) বলেন, আবু মুআবিয়া (র) হযরত আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ (সা) কিছু বিতরণ করিলেন, তখন একজন আনসারী বলিল, এই বিতরণ দ্বারা আল্লাহ্র সন্তুষ্টি কামনা করা হয় নাই। আমি বলিলাম, হে আল্লাহ্ শত্রু! তুমি যাহা বলিলে, আমি অবশ্যই রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে বলিয়া দিব।
অতঃপর মুহাম্মদ ইবন ইসমাঈল (র) ... অলীদ ইবন আবু হিশাম (রা) হইতে সংক্ষিপ্ত বর্ণনা করিয়াছেন। তবে ইহাকে তিনি গরীব বলিয়াছেন। আর তিনি আল্লাহর কাছে মর্যাদার অধিকারী ছিলেন। হাসান (র) বলেন, হযরত মুসা (আ) আল্লাহর দরবারে 'মুস্তাজাবুদ্দাওয়াত' ছিলেন। অর্থাৎ তাহার দু'আ কবুল করা হইত। অন্যান্য পূর্বসূরী উলামায়ে কিরাম বলেন, তিনি যখনই আল্লাহর দরবারে দু'আ করিতেন, আল্লাহ্ তাঁহাকে উহা দান করিতেন। কিন্তু তিনি তাঁহাকে কেবল নিজের দর্শন দান করেন নাই। কতিপয় উলামায়ে কিরাম বলেন, আল্লাহর দরবারে তাঁহার মর্যাদার নিদর্শন হইল, তিনি তাঁহার ভাই হযরত হারুন (আ)-কে নবী করিবার সুপারিশ করিলে আল্লাহ্ উহা কবুল করেন। আর আমার অনুগ্রহে আমি তাহার ভাই হারুন-কে নবী হিসাবে তাহাকে দান করিয়াছি।
৭০. হে মু'মিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।
৭১. তাহা হইলে তোমাদিগের কর্মকে ত্রুটিমুক্ত করিবেন এবং তোমাদিগের পাপ ক্ষমা করিবেন। যাহারা আল্লাহ্ ও তাহার রাসূলের আনুগত্য করে তাহারা অবশ্যই মহা সাফল্য অর্জন করিবে।
তাফসীর:
উল্লিখিত আয়াতে আল্লাহ্ তা'আলা তাঁহার মু'মিন বান্দাগণকে ভয় করিতে এমনভাবে তাঁহার ইবাদত করিতে নির্দেশ দিয়াছেন যেন তাহারা আল্লাহকে দেখিতেছে। আর ইহারও নির্দেশ দিয়াছেন যেন তাহারা সঠিক কথা বলে। কথায় যেন কোন প্রকার বক্রতা না থাকে। যদি তাহারা এই নির্দেশ যথাযথভাবে পালন করে তবে ইহার বিনিময়ে তিনি তাহাদের সহিত ওয়াদা করিয়াছেন যে, তাহাদিগকে নেক আমলের তাওফীক দান করিবেন এবং বিগত গুনাহ সমূহ ক্ষমা করিয়া দিবেন। আর ভবিষ্যতেও তাহাদের যে গুনাহ হইবে উহা হইতে তাওবা করিবার তাওফীক দান করিবেন।

